
বরিশালের গৌরনদীতে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ‘নারায়ণগঞ্জ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৫ কার্টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার করা হয়। জব্দকৃত পলিথিনের মোট ওজন প্রায় ২০০ কেজি বলে জানা গেছে।
এ ঘটনায় বাসটির সুপারভাইজার মো. শাহিন (৩৪)-কে আটক করা হয়। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ছোট বালিয়াতলী গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত তাকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করে।
অভিযান চলাকালে গৌরনদী মডেল থানার এসআই (নি.) মো. জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান বলেন,
“পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের ব্যবহার ও পরিবহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রশাসনের এ উদ্যোগকে পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয়রা।
বরিশাল প্রতিনিধি 

















