
নাটোরের লালপুরে অভিনব কৌশলে ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ হ্যাকিং এবং প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ও হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ে ব্যবহৃত চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
লালপুর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে সোমবার (৮ জুন) বিকেলে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করে লালপুর থানা পুলিশের একটি বিশেষ দল।
গ্রেফতারকৃতরা হলেন—মোহাম্মদ সোহেল রানা ওরফে রানা সরদার (২৪), মো. মোতাকাব্বির (২০) এবং মো. টুটুল প্রামাণিক (৫০)। তারা সবাই লালপুর উপজেলার মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোহরকয়া ভাঙ্গাপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৯ পিস ইয়াবা এবং চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, জব্দকৃত মোবাইল ফোনগুলোতে বিভিন্ন ক্লোন অ্যাপস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হতো। এরপর প্রতারণার মাধ্যমে দেশ-বিদেশে অবস্থানরত ব্যক্তিদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। চক্রটি দীর্ঘদিন ধরে প্রযুক্তিনির্ভর প্রতারণার মাধ্যমে আর্থিক সুবিধা আদায় করে আসছিল বলে পুলিশের ধারণা।
লালপুর থানা পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এবং সাইবার সুরক্ষা আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পাশাপাশি চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত অব্যাহত রয়েছে।
পুলিশের পক্ষ থেকে নাগরিকদের হোয়াটসঅ্যাপ ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক লিংক, ওটিপি বা অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শও দেওয়া হয়েছে।
সাজেদুর রহমান, নাটোর 


















