
তরুণ প্রজন্মকে ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলতে ঢাকায় অনুষ্ঠিত স্কুল ফুটবলের গ্র্যান্ডফাইনালে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ক্লদিও কানিজিয়া। রাজধানীর ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে আয়োজিত ‘আইএফএড পিলো চিপস প্রেজেন্টস ঢাকা ইন্টার স্কুল চ্যাম্পিয়ন্স লিগ (ডিআইএসসিএল) ২০২৬’-এর ফাইনালে অংশ নেন ম্যারাডোনার সাবেক এই সতীর্থ।
কানিজিয়াকে কাছ থেকে দেখতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন টুর্নামেন্টে অংশ নেওয়া তরুণ ফুটবলাররা। তার অনুপ্রেরণামূলক বক্তব্য এবং আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতার গল্প শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে বিশেষ আকর্ষণের বিষয়।
ঢাকার ৩৬টি স্কুল নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতার ফাইনালে নৌবাহিনী কলেজ, ঢাকা ৩-০ গোলের ব্যবধানে বিআইটি স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর বিআইটি স্কুল টুর্নামেন্টে রানার্সআপ হয়।
অনুষ্ঠানে ইফাদ মাল্টিপ্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আরিফ জামান বলেন, তরুণদের দীর্ঘ সময় মোবাইল ফোন ও বিভিন্ন পর্দার সামনে না রেখে খেলাধুলার মাঠে ফিরিয়ে আনা প্রয়োজন। তার মতে, ফুটবল কেবল বিনোদন নয়; এটি শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত কাজ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার মানসিকতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণদের জন্য খেলাধুলার সুযোগ বাড়াতে করপোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তরুণ ফুটবলাররা যাতে নিজেদের স্বপ্ন অনুসরণ করতে পারে এবং প্রতিভা বিকাশের সুযোগ পায়, সে লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
বাংলাদেশের ফুটবলপ্রেমী মানুষের প্রশংসা করেন ক্লদিও কানিজিয়া। একই সঙ্গে দেশের ফুটবলের ভবিষ্যৎ নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তরুণ ফুটবলারদের উন্নয়নে মানসম্মত কোচিং, প্রাতিষ্ঠানিক সহায়তা এবং মানসিক দৃঢ়তার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন কানিজিয়া। আন্তর্জাতিক পর্যায়ে খেলার অভিজ্ঞতা অর্জন এবং শক্তিশালী প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে খেলোয়াড়দের নিজেদের দক্ষতা আরও বাড়ানোর সুযোগ তৈরি হয় বলেও উল্লেখ করেন তিনি।
কানিজিয়ার বক্তব্যে টুর্নামেন্টে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। তাদের অনেকেই ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে খেলার স্বপ্নের কথা জানান।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা ছাড়াও ইফাদ গ্রুপ, ফোর্টিস এফসি ও স্পোর্টাম্যাজিকাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পাশাপাশি অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষক-কর্মকর্তা, কোচ, অভিভাবক ও ফুটবলপ্রেমীরাও গ্র্যান্ডফাইনালে উপস্থিত ছিলেন।
অধিকার ডেস্কঃ 

























