
বাগেরহাটের মোংলায় মাছ দেওয়ার কথা বলে এক কিশোরীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা করার পর অভিযুক্ত সুমন শিকদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে মোংলা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন শিকদার মাছ দেওয়ার কথা বলে ওই কিশোরীকে ডেকে নেন। পরে তাকে বেড়িবাঁধ এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এ বিষয়ে কাউকে কিছু না বলতে কিশোরীকে ভয় দেখানো হয় বলেও জানান তিনি।
পুলিশ জানায়, ভয়ে কিশোরী প্রথমে পরিবারের সদস্যদের কাছে বিষয়টি প্রকাশ করেনি। পরে অসুস্থ হয়ে পড়লে তার মামি বিষয়টি জানতে চান। একপর্যায়ে শুক্রবার দুপুরে কিশোরী ঘটনার কথা পরিবারের সদস্যদের জানান।
এরপর কিশোরীর মামা বাদী হয়ে মোংলা থানায় মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে বিকেলে সুমন শিকদারকে গ্রেপ্তার করে।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিকে শনিবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অধিকার ডেস্কঃ 





















