
ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে একটি স্টোরি দেওয়ার প্রায় ১৯ ঘণ্টার মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে শরীয়তপুরের জাজিরা উপজেলার নিরব পোদ্দার (১৮) নামে এক যুবকের। সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি প্রাণ হারান। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাজিরা উপজেলার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরব পোদ্দার পূর্বনাওডোবা ইউনিয়নের চরখাগুটিয়া চৌকিদার কান্দি গ্রামের বাবুল পোদ্দারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় ১৯ ঘণ্টা আগে রোববার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চির বিদায় পৃথিবী’ লিখে একটি স্টোরি পোস্ট করেছিলেন নিরব। তবে ওই পোস্টের কারণ বা উদ্দেশ্য সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
পরদিন দুপুরে বন্ধুর ইয়ামাহা এফজেড মোটরসাইকেল নিয়ে ইউসুফ (১২) নামে এক কিশোরকে সঙ্গে করে কাজিরহাটের দিকে যাচ্ছিলেন নিরব। পথে চরখাগুটিয়া এলাকায় বিপরীত দিক থেকে নাওডোবার উদ্দেশ্যে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষে মোটরসাইকেল থেকে ছিটকে গুরুতর আহত হন নিরব। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় মোটরসাইকেলের অপর আরোহী ইউসুফ ছিটকে সড়কের পাশের পানিতে পড়ে গুরুতর আহত হয়। সে চরখাগুটিয়া এলাকার মামুন মাদবরের ছেলে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
এ ছাড়া সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই যাত্রীও আহত হয়েছেন। আহতরা হলেন শরীয়তপুরের দাতপুর ইউনিয়নের লিয়াকত মাদবরের মেয়ে মিম (২০) এবং মাদারীপুরের খোয়াজপুর এলাকার মেছের মোল্লার মেয়ে মলিনা। তাদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তানভীর আহমেদ বলেন, হাসপাতালে আনার সময় নিরবকে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত ইউসুফকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক ঘটনাস্থল ছেড়ে চলে যান। খবর পেয়ে পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে।
পদ্মাসেতু দক্ষিণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং কয়েকজন আহত হয়েছেন। অটোরিকশার চালককে শনাক্তের চেষ্টা চলছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত রয়েছে।
দৈনিক অধিকার ডেস্কঃ 











