
রাজশাহী নগরীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে সড়কদ্বীপের গাছপালার পরিচর্যা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি নগরীর সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত এবং সঠিকভাবে অব্যাহত রাখার নির্দেশনা দেন।
সোমবার (৩১ আগস্ট) নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের সড়কদ্বীপ পরিদর্শন করেন রাসিক প্রশাসক। এ সময় সিটি কর্পোরেশনের পরিবেশ শাখার কর্মীরা সড়কদ্বীপে গাছের পরিচর্যা, আগাছা পরিষ্কার এবং বিভিন্ন স্থানের আবর্জনা অপসারণে কাজ করছিলেন।
চলমান কার্যক্রম পরিদর্শনকালে মো. মাহফুজুর রহমান রিটন কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি পরিচ্ছন্নতা ও সবুজায়নের কার্যক্রম আরও কার্যকর এবং ধারাবাহিক রাখার ওপর গুরুত্বারোপ করেন।
রাসিক প্রশাসক বলেন, একটি আধুনিক, বাসযোগ্য ও সুন্দর নগরী গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং পরিকল্পিত সবুজায়নের গুরুত্ব অপরিসীম। নগরীর সড়কদ্বীপের গাছপালা শহরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বসবাসের উপযোগী পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর নিয়মিত পরিচর্যা নিশ্চিত করা প্রয়োজন। এজন্য সড়কদ্বীপের গাছপালার যত্ন, আগাছা পরিষ্কার এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
এ সময় সংশ্লিষ্টদের সড়কদ্বীপে পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার এবং পরিবেশবান্ধব উদ্যোগ নিয়মিতভাবে পরিচালনার নির্দেশনা দেন তিনি।
রাসিক প্রশাসকের এ পরিদর্শনের মাধ্যমে রাজশাহী নগরীর পরিবেশ ব্যবস্থাপনা, সবুজায়ন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী প্রতিনিধিঃ 
























