
সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল যেন এখন গোলাপি ও লাল পদ্মের রাজ্য। প্রায় দুই বছর পর আবারও বিলজুড়ে ফুটেছে অসংখ্য পদ্মফুল। পানির ওপর ভেসে থাকা সবুজ পাতার মাঝে সারি সারি পদ্মের মনোরম দৃশ্য দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমীরা।
উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের কাছেই সোনাকান্ত বিলের অবস্থান। ব্যক্তিমালিকানাধীন প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা নিচু জমি বর্ষা মৌসুমে পানিতে ডুবে বিলের রূপ নেয়। এসব জমিতে বছরে একবার ইরি-বোরো ধানের চাষ হয়। বছরের অন্য সময় অধিকাংশ জমিই পানির নিচে থাকে। সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা এসব জমির মালিক।
স্থানীয়দের ভাষ্য, ২০২২ সালেও সোনাকান্ত বিলে কিছু পদ্মফুল ফুটেছিল। তবে সে সময় ফুলের পরিমাণ এবারকার মতো ছিল না। ২০২৩ সালে বন্যা না হওয়ায় পদ্মফুলও তেমন দেখা যায়নি। এবার বন্যা না হলেও টানা বৃষ্টিতে বিলে পর্যাপ্ত পানি জমেছে। আর সেই পানির ওপরই ব্যাপকভাবে পদ্মফুল ফুটেছে।
সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার জানান, শুরুতে সোনাকান্ত বিলে অল্প কয়েকটি পদ্মগাছ প্রাকৃতিকভাবে জন্ম নেয়। সময়ের সঙ্গে সেগুলো ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে বিলের বড় অংশজুড়ে পদ্মগাছ দেখা দিতে শুরু করে। প্রায় ২০১৪ সাল থেকে এখানে উল্লেখযোগ্য পরিমাণে পদ্মফুল ফুটতে দেখা যাচ্ছে।
তিনি বলেন, বন্যা ও পানির অবস্থার সঙ্গে এ বিলের পদ্মফুলের বিস্তারের সম্পর্ক রয়েছে। যে বছর পানির পরিমাণ কম থাকে, সে বছর ফুলও তুলনামূলক কম দেখা যায়। এবার পর্যাপ্ত বৃষ্টির কারণে বিলে পানি জমে যাওয়ায় পদ্মের সমারোহ হয়েছে।
আব্দুল মান্নান তালুকদার আরও জানান, পদ্মফুলের সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন অনেক মানুষ বিলের পাশে আসছেন। তবে অলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়ক থেকে বিলটি আধা কিলোমিটারের কিছু বেশি দূরে হলেও সেখানে যাওয়ার জন্য ভালো কোনো সড়ক নেই। আলপথ দিয়ে দর্শনার্থীদের বিলের কাছে যেতে হয়। বৃষ্টির সময় এতে চলাচলে দুর্ভোগ বাড়ে।
পদ্মফুল দেখতে আসা সুমাইয়া খাতুন বলেন, বিলজুড়ে গোলাপি ও লাল পদ্ম এবং পানির ওপর ছড়িয়ে থাকা সবুজ পাতার দৃশ্য অত্যন্ত সুন্দর। শহরের ব্যস্ততা থেকে দূরে এসে এমন প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে ভালো লাগছে। তবে বিলের কাছে যাওয়ার রাস্তা ভালো হলে দর্শনার্থীদের জন্য আরও সুবিধা হতো।
বিলের ভূমির মালিক বাগদা গ্রামের রফিকুল ইসলাম ও আমডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার জানান, প্রায় এক দশকের বেশি সময় ধরে বর্ষা মৌসুমে সোনাকান্ত বিলে পদ্মফুল ফুটছে। ফুলে ভরে গেলে পুরো বিলের দৃশ্য বদলে যায়। পানির ওপর ছড়িয়ে থাকা পদ্মপাতাগুলো দূর থেকে সবুজ চাদরের মতো মনে হয়।
উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পদ্ম একটি জলজ উদ্ভিদ। বিভিন্ন পাখির মাধ্যমে পদ্মের বীজ এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। পরে অনুকূল পরিবেশে সেসব বীজ থেকে গাছ জন্ম নেয় এবং ধীরে ধীরে বিস্তার লাভ করে।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পর এবার সোনাকান্ত বিলে ব্যাপকভাবে পদ্মফুল ফুটেছে। তিনি নিজেও বিলটি পরিদর্শন করেছেন। বর্তমানে অনেক দর্শনার্থী সেখানে যাচ্ছেন। মৌসুমি সৌন্দর্যের কারণে পদ্মে সাজা সোনাকান্ত বিল এখন স্থানীয়দের কাছে আকর্ষণীয় একটি প্রাকৃতিক দর্শনীয় স্থান হয়ে উঠেছে।
অধিকার ডেস্কঃ 

























