
বরিশালের গৌরনদী উপজেলায় নিরাপদ খাদ্য ও মানসম্মত ওষুধ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান।
সোমবার (৩১ আগস্ট) উপজেলার বিভিন্ন খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিষ্ঠান, দোকান, কারখানা এবং ওষুধ বিক্রয় প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ক্যান্টিনের খাবার পরিদর্শন করা হয়। এসময় সংশ্লিষ্টদের নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশনের বিষয়ে সতর্ক ও সচেতন করা হয়।
এছাড়া একটি রেস্টুরেন্টে খাবারে ক্ষতিকর রং ব্যবহারের প্রমাণ মেলায় ১০ হাজার টাকা এবং একটি কারখানায় খাদ্য উৎপাদনের স্থানে পাখির মল পাওয়া যাওয়ায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে দুটি ফার্মেসিতে রেফ্রিজারেটরে নির্ধারিত তাপমাত্রা বজায় না রেখে ওষুধ সংরক্ষণ, ওষুধের গুণগত মান নিশ্চিত না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অভিযোগে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই দিনে মাদক প্রতিরোধে উপজেলার টরকী চাতাল এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করা হয়। এসময় একজন মাদকাসক্তকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
এছাড়া অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয় এবং সংশ্লিষ্টদের প্রচলিত আইন ও বিধিবিধান সম্পর্কে অবহিত করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন গৌরনদী মডেল থানা পুলিশ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক এবং স্যানিটারি ইন্সপেক্টর।
জনস্বার্থে নিরাপদ খাদ্য, মানসম্মত ওষুধ এবং আইনশৃঙ্খলা নিশ্চিতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
বরিশাল প্রতিনিধিঃ 





















