
ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মোঃ রাশিদুল ইসলামকে (১৯) অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে ফুলপুর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাশিদুলের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় এবং তাঁর পরনের পোশাক উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট ফুলপুর থানায় রাশিদুল ইসলামকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের সূত্র ধরে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৬ সেপ্টেম্বর তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—ফুলপুর উপজেলার কুকাইল ১ম খণ্ড গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে জসিম উদ্দিন (২৪), একই এলাকার মোঃ ছাবেদ আলী ওরফে মিঠুর ছেলে রফিক ওরফে রফিদ (২৮) এবং মৃত আব্দুর রহিমের ছেলে মোজাম্মেল (২৭)।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তার জসিম উদ্দিনের দেওয়া তথ্যের সূত্র ধরেই নিখোঁজ রাশিদুল ইসলামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় এবং তাঁর পরনের একটি প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা সম্ভব হয়।
উদ্ধারকৃত দেহাবশেষের সুরতহাল প্রস্তুত করা হয়েছে এবং ডিএনএ নমুনা সংরক্ষণসহ মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের লক্ষ্যে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা শনাক্ত করে তাদের গ্রেপ্তারে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন।
ফুলপুর থানায় দায়ের করা মামলা নম্বর-১৭, তারিখ ২৫ আগস্ট ২০২৬। মামলায় দণ্ডবিধির ৩৬৪ ও ৩৮৫ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
শফিয়েল আলম সুমন,ময়মনসিংহ প্রতিনিধিঃ 






















