
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে (বেরোবি) প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবন কাম গেস্ট হাউজ ভবনের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী আনুষ্ঠানিকভাবে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, ভবনটির নির্মাণকাজ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের আবাসন সুবিধা নিশ্চিত হবে। এর পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা সম্মানিত অতিথিদের জন্য উন্নত ও সময়োপযোগী গেস্ট হাউজ সুবিধা প্রদানও সহজ হয়ে উঠবে।
তিনি বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একটি প্রধান অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে চলমান উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি নতুন নতুন অবকাঠামো নির্মাণের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
নির্মাণকাজের গুণগত মান নিশ্চিতের ওপর গুরুত্ব দিয়ে উপাচার্য বলেন, প্রকল্প বাস্তবায়নে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান বজায় রাখতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্নের পাশাপাশি নির্মাণের প্রতিটি পর্যায়ে মান নিয়ন্ত্রণ বজায় রাখার আহ্বানও জানান তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. মাসুদ রানা এবং সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মো. মনিরুজ্জামান।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং অবকাঠামো নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত থেকে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সমাপনীতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি ও অগ্রগতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 
























