
ফরিদপুরের বোয়ালমারীতে পার্কের সামনে ফুচকা খাওয়ার সময় উচ্চস্বরে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা পার্কের সামনে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হৃত্বিক শেখ (২১) ও কাকন (২০) নামে দুই তরুণের অবস্থা গুরুতর। হৃত্বিক বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সেলিম শেখের ছেলে এবং কাকন মনিরুল ইসলামের ছেলে।
জানা গেছে, সংঘর্ষে হৃত্বিকের পেটে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অন্যদিকে কাকনের মাথায় গুরুতর আঘাত লাগে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলা পার্কের সামনে কয়েকটি দলে ভাগ হয়ে কিশোর-তরুণরা চটপটি ও ফুচকা খাচ্ছিলেন। এ সময় আনাম, মেহেদী ও সাগরের সঙ্গে থাকা ১২ থেকে ১৩ জন উচ্চস্বরে হাসাহাসি করছিলেন। বিষয়টি নিয়ে হৃত্বিক ও কাকনের পক্ষের ১০ থেকে ১২ জনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে হৃত্বিক ও কাকন গুরুতর আহত হন। অপর পক্ষের কয়েকজনও আহত হয়ে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চটপটির দোকানে হাসাহাসিকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তিনি আরও জানান, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।
নিজস্ব প্রতিনিধি 






















