
মুক্তির এখনও প্রায় তিন মাস বাকি। এর মধ্যেই অগ্রিম টিকিট বিক্রিতে বড় সাফল্য দেখিয়েছে মার্ভেলের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। উত্তর আমেরিকার বাজারে সিনেমাটির আগাম টিকিট বিক্রি থেকে আয় হয়েছে প্রায় ৫০ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, সিনেমাটির বিক্রি হওয়া অগ্রিম টিকিটের ৭০ শতাংশের বেশি প্রিমিয়াম লার্জ-ফরম্যাট বা ‘ইনফিনিটি ভিশন’ স্ক্রিনের জন্য। এতে বোঝা যাচ্ছে, দর্শকদের বড় একটি অংশ সিনেমাটির ভিজ্যুয়াল অভিজ্ঞতা বড় পর্দা ও উন্নত প্রযুক্তির মাধ্যমে উপভোগ করতে আগ্রহী।
বিশেষ করে অ্যাকশন ও ভিজ্যুয়ালনির্ভর মার্ভেল সিনেমাগুলোর ক্ষেত্রে প্রিমিয়াম স্ক্রিনের প্রতি দর্শকদের আগ্রহ তুলনামূলক বেশি দেখা যায়। ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’র ক্ষেত্রেও অগ্রিম টিকিট বিক্রির পরিসংখ্যানে সেই প্রবণতাই ফুটে উঠেছে।
তবে মুক্তির পর বক্স অফিসে সিনেমাটিকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে। কারণ বড়দিনের ছুটির মৌসুমে একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে কানাডীয় নির্মাতা দ্যনি ভিলনভের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ডুন: পার্ট থ্রি’।
ফলে বছরের অন্যতম ব্যস্ত হলিডে বক্স অফিসে মার্ভেলের ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ও ‘ডুন: পার্ট থ্রি’র মধ্যে দর্শক টানার লড়াই বেশ জমে উঠতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা।
মুক্তির আগেই প্রায় ৫০ মিলিয়ন ডলারের অগ্রিম টিকিট বিক্রি সিনেমাটিকে ঘিরে দর্শকদের ব্যাপক আগ্রহের ইঙ্গিত দিচ্ছে। এখন দেখার বিষয়, প্রেক্ষাগৃহে মুক্তির পর এই আগ্রহ কতটা বড় বক্স অফিস সাফল্যে রূপ নেয়।
সূত্র: ভ্যারাইটি
অধিকার ডেস্কঃ 
























