
কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি স্থান থেকে সমুদ্রসৈকতে ভেসে আসা তিনটি অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া নৌকার ঘাট এলাকা থেকে একটি এবং মনখালী সমুদ্রসৈকত থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় জেলেদের কাছ থেকে খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পৃথকভাবে তিনটি মরদেহ উদ্ধার করেন। সকাল সাড়ে ৭টার দিকে মাদারবুনিয়া ও মনখালী এলাকায় আলাদাভাবে মরদেহগুলো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাৎক্ষণিকভাবে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, বৈরী আবহাওয়ার কারণে সাগরে নৌকা ডুবির ঘটনায় এই তিন ব্যক্তির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং প্রয়োজনীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিমন ঘোষ বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি মরদেহ উদ্ধার করে। তিনি জানান, মরদেহগুলোর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি, পরে ময়নাতদন্তের জন্য সেগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, দুটি পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলোর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাগরে নৌকা ডুবির ঘটনায় তাদের মৃত্যু হতে পারে, তবে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষ হওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া সম্ভব হবে।
মরদেহগুলোর পরিচয় শনাক্তসহ ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
অধিকার ডেস্কঃ 


















