
তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতের (STEM) প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের সৃজনশীল ও উদ্ভাবনী দক্ষতা বিকাশের লক্ষ্যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশে (WUB) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ‘WUB STEM Carnival 2026’।
বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নিয়ে শিক্ষার্থীরা নিজেদের জ্ঞান, বিশ্লেষণী চিন্তা, সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করে।
চারটি ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণ
কার্নিভালে প্রধান চারটি আয়োজন ছিল Mathematical Olympiad, Science & ICT Olympiad, Quiz Competition এবং Project Showcasing। এইচএসসি, এ লেভেল ও আলিম পর্যায়ের শিক্ষার্থীরা এসব প্রতিযোগিতায় অংশ নেয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কার্নিভালে মোট ৩ লাখ টাকা প্রাইজমানি রাখা হয়েছিল। বিজয়ীদের নগদ অর্থের পাশাপাশি সনদ ও ক্রেস্ট দেওয়া হয়। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদেরও অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।
নজর কেড়েছে উদ্ভাবনী প্রকল্প
কার্নিভালের অন্যতম আকর্ষণ ছিল Project Showcasing। এতে শিক্ষার্থীদের বিভিন্ন দল রোবোটিক্স, টেকসই উন্নয়ন, প্রকৌশল নকশাসহ নানা বিষয়ে নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে।
দুই থেকে চার সদস্যের প্রতিটি দল তাদের ধারণাকে বাস্তবধর্মী সমাধানে রূপ দেওয়ার সক্ষমতা তুলে ধরার পাশাপাশি প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতার পরিচয় দেয়।
সকালে শুরু, বিকেলে সমাপনী
সকাল ৯টায় রেজিস্ট্রেশন ও রিসেপশনের মাধ্যমে কার্নিভালের কার্যক্রম শুরু হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।
উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. নুরুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর জাকি ইমাম, ডিন অব একাডেমিক অ্যাফেয়ার্স অ্যান্ড রিসার্চ প্রফেসর ড. এ.কিউ.এম. শফিউল আজম এবং ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কার্নিভালে অংশ নেওয়া শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বৈজ্ঞানিক ধারণা বিনিময়, দলগতভাবে কাজ এবং উদ্ভাবনী চিন্তা উপস্থাপনের সুযোগ পায়। পাশাপাশি আয়োজনটি তাদের সমালোচনামূলক চিন্তাভাবনা, সমস্যা সমাধান, দলগত কাজ ও উপস্থাপনা দক্ষতা বাড়াতে সহায়ক হয়।
আয়োজকদের মতে, ‘WUB STEM Carnival 2026’ তরুণদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তোলা এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও উদ্ভাবনী চিন্তা বিকাশের একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে।
অধিকার ডেস্কঃ 






















