
সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক নিয়োগ দিতে ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগের মধ্যে ৪ হাজার ৭০০টি পদ সহকারী সার্জনের এবং ৩০০টি পদ সহকারী ডেন্টাল সার্জনের।
আবেদন শুরু ১ অক্টোবর
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করতে পারবেন এমবিবিএস ও বিডিএস বা সমমানের ডিগ্রিধারীরা। আগামী ১ অক্টোবর সকাল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন করার শেষ সময় ২৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত।
এ পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফি দিতে হবে। পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষা নভেম্বর মাসে আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।
যেভাবে হবে নিয়োগ পরীক্ষা
বিশেষ বিসিএসে প্রার্থী নির্বাচন করা হবে মোট ৩০০ নম্বরের পরীক্ষার মাধ্যমে। এর মধ্যে ২০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা এবং ১০০ নম্বরের দক্ষতাভিত্তিক মৌখিক পরীক্ষা থাকবে।
প্রিলিমিনারি পরীক্ষায় বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলিতে ২০ নম্বর করে প্রশ্ন থাকবে। এ ছাড়া মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ নম্বর করে এবং ক্যাডার-সংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
আগের বিশেষ বিসিএসে চিকিৎসক নিয়োগ
এর আগে ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারে ৩ হাজারের বেশি চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছিল। গত বছরের ১১ সেপ্টেম্বর ওই বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ৩ হাজার ১২০ জন প্রার্থী উত্তীর্ণ হন।
উত্তীর্ণদের মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল।
এ ছাড়া ৪৯তম বিশেষ বিসিএসের মাধ্যমে সরকারি কলেজে ৬৮৩ জন শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়।
৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল গত বছর
সর্বশেষ গত বছরের ২৬ নভেম্বর ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। সাধারণ বিসিএসের লিখিত পরীক্ষার ফল ইতোমধ্যে প্রকাশ হয়েছে। এতে ৬ হাজার ১৬৫ জন চাকরিপ্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
অধিকার ডেস্কঃ 
























