
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রফিকুল (৩৩), ও মোঃ রুবেল @ ডলার নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অস্ত্র উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমানের নেতৃত্বে শুক্রবার দুপুর ২টা ৫৫ মিনিটে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হরেন্দ্রনাথ দেবদাস, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য সদস্য অংশ নেন।
পুলিশ জানায়, শিবগঞ্জ উপজেলার মানাকশা ইউনিয়নের সাহাপাড়া বাজার এলাকায় মোস্তফা মার্কেটের পেছনে এবং সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে স্কুলের বাথরুমের সামনে অভিযান চালানো হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের সময় মো. রফিকুলের কোমর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার রফিকুল শিবগঞ্জ উপজেলার তারাপুর পণ্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, এ ঘটনায় মো. রুবেল ওরফে ডলার, পিতা মো. জাহাঙ্গীর, তারাপুর মোড়লপাড়া গ্রামের বাসিন্দা, রফিকুলের সহযোগী হিসেবে তাকেও আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। অস্ত্রের উৎস, বহনের উদ্দেশ্য এবং ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে জানা যেতে পারে।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ মো. রফিকুলের দেহ তল্লাশি করে পাওয়াগেছে। এবং , রফিকুলের সহযোগী হিসেবে মোঃ রুবেল @ ডলার নামের আরেক যুবক গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিজস্ব প্রতিনিধিঃ 

















