
হবিগঞ্জের চুনারুঘাটে ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার চণ্ডীছড়া বাগান এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন চুনারুঘাট উপজেলার হলহলিয়া গ্রামের মুজাহিদ মিয়া ও একই এলাকার মুহাদ্দিস খান। দুর্ঘটনায় আহত দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চণ্ডীছড়া বাগানের কাছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই যানবাহনে থাকা কয়েকজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে হাসপাতালে নেওয়ার পথে মুজাহিদ মিয়া ও মুহাদ্দিস খানের মৃত্যু হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
অধিকার ডেস্কঃ 


















