
লক্ষ্মীপুর জেলার ছয়টি থানার বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৪৪ জনকে আটক করেছে পুলিশ। রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা জেলার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেকের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো. রায়হান কাজেমী পিপিএমের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলার ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। কিশোরদের উৎপাত ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে—এমন এলাকাগুলোকে কেন্দ্র করে অভিযান চালানো হয়। জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরাসরি অভিযানে অংশ নেন।
পুলিশ জানায়, অভিযানে আটক ২৪৪ জনের অপরাধের সঙ্গে সম্পৃক্ততা যাচাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা পুলিশ আরও জানায়, উঠতি বয়সী কিশোররা যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে নিয়মিত কিশোর গ্যাংবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।
কিশোর অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
মেহেরাব ইমরান আকিব, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ 


















