
রাজধানীর মিরপুর-১০ নম্বরের হোপ মার্কেট এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযান চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
হকাররা জানান, সকালে সিটি করপোরেশনের লোকজন ফুটপাতের দোকান উচ্ছেদ করতে আসেন। হোপ মার্কেটের সামনের ফুটপাতের দোকান উচ্ছেদ করতে গিয়ে সেখানে বিদ্যুতের তার থেকে আগুন ধরে যায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন হকাররা এবং পরবর্তীতে সিটি করপোরেশনের কয়েকটি গাড়িতে ভাঙচুর চালান তারা।
সরেজমিনে দেখা যায়, সকাল পৌনে ১১টার দিকে হোপ মার্কেটের দিক থেকে দৌড়ে মিরপুর ১৩ নম্বরের দিকে যাচ্ছেন কয়েকজন আনসার সদস্য। এ সময় ২০ থেকে ৩০ জনের একটি দল তাদের লক্ষ্য করে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে। হোপ মার্কেটের সামনে গিয়ে দেখা যায়, বায়তুল কুদ্দুস জামে মসজিদের পশ্চিম পাশের একটি জায়গায় আগুন জ্বলছে। এ সময় মিরপুর ১০ নম্বর গোলচত্বর থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান যাওয়ার সময় হকাররা সেটি লক্ষ্য করেও ইটপাটকেল ছোড়েন।
এর কয়েক মিনিট পরই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি গাড়ি। প্রায় ১৫ থেকে ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। হকারদের ভাষ্যমতে, সেখানে তাদের বিভিন্ন মালামাল রক্ষিত ছিল।
এ সময় কয়েকশ হকার ঘটনাস্থলে হামলা ও ভাঙচুর চালান। সিটি করপোরেশনের দুটি গাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়।
ঘটনাস্থল থেকে ছবি ও ভিডিও ধারণ করতে গেলে সংশ্লিষ্টদের বাধা দেন হকাররা। এমনকি গণমাধ্যমকর্মীদেরও বাধা দেওয়া হয়। আগুনে পোড়া গাড়ির ছবি তুলতে গিয়ে হামলার শিকার হন একটি জাতীয় দৈনিকের আলোকচিত্রী। ঘটনার সময় ঘটনাস্থলে কোনো পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ করা যায়নি।
অধিকার ডেস্কঃ 

















