
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান খাদে পড়ে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন পুলিশ সদস্য ও দুজন মামলার আসামি রয়েছেন।
শুক্রবার বিকেলে উপজেলার মণিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল মো. মোস্তফা (৩০), মো. জুম্মান (৩০) এবং পিকআপের চালক নায়েক তোফায়েল আহমেদ (৪২)। এ ছাড়া আহত দুই আসামি হলেন মাদক মামলায় রিমান্ডে থাকা মহন মিয়া (৪৫) এবং পারিবারিক মামলার আসামি রুজিনা বেগম (৩৫)। তাঁদের দুজনের বাড়িই বিজয়নগর উপজেলায়।
অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানান, দুপুরে বিজয়নগর থানা থেকে দুই আসামিকে নিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান ব্রাহ্মণবাড়িয়া আদালতের উদ্দেশে রওনা হয়। পথে মণিপুর এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করেন। পরে তাঁদের ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কী কারণে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
অধিকার ডেস্কঃ 






















