
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলের একডালা ও খাজুরা অংশে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেন।
অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭০ পিস চায়না রিং জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ ছাড়া মাছ শিকারে ব্যবহৃত ৪০০ মিটার বানা অপসারণ করা হয়। অবৈধভাবে সংগ্রহ করা ২৬ বস্তা শামুকও উদ্ধার করে বিলে অবমুক্ত করা হয়।
অভিযানে সহযোগিতা করে উপজেলা মৎস্য বিভাগ ও নলডাঙ্গা থানা পুলিশ। উপজেলা প্রশাসন জানিয়েছে, মৎস্যসম্পদ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সাজেদুর রহমান, নাটোর 






















