
ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত সড়কের দুই পাশের ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক)। অভিযানে প্রায় ১৫০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বিকেল ৩টায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন। অভিযানকালে ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। এসব দোকানের কারণে দীর্ঘদিন ধরে পথচারীদের স্বাভাবিক চলাচলে সমস্যা হচ্ছিল।
অভিযানে মোবাইল কোর্টের প্রসিকিউটর মো. জাবেদ ইকবাল, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মহব্বত আলী, স্টোরকিপার নাজমুল হাসানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, নগরীর যানজট কমানো, পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
শফিয়েল আলম সুমন, ময়মনসিংহ প্রতিনিধিঃ 





















