
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যুর অনুরোধ জানিয়ে পাঠানো একটি চিঠিকে গণমাধ্যমে ‘আবেদন’ হিসেবে প্রচার করায় সংবাদমাধ্যমের তথ্য যাচাইয়ের দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যাচাই না করে সংবাদ প্রকাশের প্রতিযোগিতা দায়িত্বশীল সাংবাদিকতার পরিচয় হতে পারে না। চটকদার শিরোনামের পরিবর্তে সাংবাদিকতায় নীতি, নৈতিকতা ও বস্তুনিষ্ঠ তথ্যকে গুরুত্ব দেওয়া উচিত।
সাইদুর রহমানের ভাষ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর লন্ডনভিত্তিক আন্তর্জাতিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে ব্রিটিশ আইনজীবী স্টিভেন পাউলস কেসি দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠান। চিঠিতে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সাবেক অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানোর পাশাপাশি বিষয়টি দ্রুত প্রক্রিয়াকরণ এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্র সম্পর্কে জানাতে হাইকমিশনকে বলা হয়। চিঠিতে স্টিভেন পাউলস কেসি নিজেকে শেখ হাসিনার আইনি পরামর্শদাতা হিসেবে পরিচয় দিয়েছেন।
প্রেস মিনিস্টার দাবি করেন, চিঠিতে শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন করেছেন—এমন কোনো বক্তব্য ছিল না। অথচ দেশের বিভিন্ন গণমাধ্যমে বিষয়টিকে ‘শেখ হাসিনার পাসপোর্টের জন্য আবেদন’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
তিনি আরও জানান, ম্যাট্রিক্স চেম্বার্সের ইমেইল পাওয়ার আগেই কয়েকজন দেশি-বিদেশি সাংবাদিক তাঁকে রয়টার্সে প্রকাশিত এ-সংক্রান্ত প্রতিবেদনের লিংক পাঠান। সোমবার সকাল সাড়ে ৯টায় হাইকমিশনে চিঠি পৌঁছানোর আগেই এ বিষয়ে সংবাদ প্রকাশের প্রস্তুতি চলছিল বলে তাঁর দাবি। পরে রয়টার্সের প্রতিবেদনের ভিত্তিতে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রায় একই ধরনের শিরোনামে খবর প্রকাশিত হয়।
সাইদুর রহমানের মতে, শেখ হাসিনা দেশে ফেরার জন্য পাসপোর্টের আবেদন করেছেন—এ ধরনের শিরোনাম সাময়িকভাবে পাঠকের আগ্রহ তৈরি করতে পারে, কিন্তু দীর্ঘ মেয়াদে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে। সাংবাদিকদের শোনা কথা বা অস্পষ্ট সূত্রের ওপর নির্ভর না করে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করা উচিত।
আংশিক তথ্য ও অপতথ্যের ভিত্তিতে সংবাদ পরিবেশন সমাজে বিভ্রান্তি তৈরি করতে পারে উল্লেখ করে তিনি বলেন, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক স্বার্থে মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ থাকে। তাই সাংবাদিকতায় নৈতিকতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখা জরুরি।
শেখ হাসিনার পাসপোর্ট পাওয়ার যোগ্যতা প্রসঙ্গে সাইদুর রহমান বলেন, বাংলাদেশের আদালতে দণ্ডিত কোনো ব্যক্তি পাসপোর্ট পাওয়ার অধিকারী কি না, সে বিষয়ে সরকার ইতোমধ্যে ব্যাখ্যা দিয়েছে। পাশাপাশি বন্দী বিনিময়ের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ম্যাট্রিক্স চেম্বার্সের ভূমিকা নিয়েও গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান প্রেস মিনিস্টার। তাঁর দাবি, গত ১৫ মাসে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক পর্যায়ে পাঁচবার বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক ফোরামে শেখ হাসিনার পক্ষে আবেদন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার বিরোধিতা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়ার বিরোধিতা এবং আটক সাবেক সংসদ সদস্যদের পক্ষে কাজ করার বিষয় রয়েছে।
এ ছাড়া নির্বাচিত সরকারের বিরুদ্ধে পতিত সরকারের পলাতক গোষ্ঠীর নাশকতামূলক কর্মকাণ্ড নিয়েও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সাংবাদিকদের সমাজের দর্পণ এবং শাসক শ্রেণির জবাবদিহি নিশ্চিত করার প্রহরী হিসেবে উল্লেখ করে সাইদুর রহমান বলেন, সমাজের ভালো-মন্দ, অন্যায়-অনিয়ম ও বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকতার দায়িত্ব। কোনো স্বার্থে এই দর্পণকে বিকৃত করা উচিত নয়। দায়িত্বশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে দায়িত্বশীল আচরণই প্রত্যাশিত।
অধিকার ডেস্কঃ 
























