
তিন দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এর একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ (এআইএস) বিভাগ ১৮তম বর্ষে পদার্পণ করেছে। একই সঙ্গে উদযাপিত হয়েছে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সমাপনী দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে বেলুন উড়িয়ে তিনি দিনব্যাপী এ কর্মসূচির সূচনা করেন।
উদ্বোধনের পর উপাচার্যের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে মিডিয়া চত্বরে বিভাগের ১৮তম বর্ষে পদার্পণ ও ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে ২০২৬ উপলক্ষে কেক কাটা হয়।
সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, ১০ নভেম্বর একই সঙ্গে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে এবং বেরোবির এআইএস বিভাগ প্রতিষ্ঠার দিন, যা বিরল ও সৌভাগ্যের বিষয়। তিনি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যকার দৃঢ় বন্ধনের প্রশংসা করে বলেন, এটি অন্য সব বিভাগের জন্য অনুকরণীয়।
উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মধ্যে একাউন্টিং বিভাগ যে ইতিবাচক সহযোগিতা ও ফিডব্যাক দিয়ে থাকে, তা বিশ্ববিদ্যালয়ের জন্য বড় প্রাপ্তি।
তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীরা গবেষণার ক্ষেত্রে চমৎকার অবদান রাখছেন। বৈশ্বিক পরিসরে নিজেদের প্রতিষ্ঠিত করতে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে আন্তর্জাতিক মানের কার্যক্রমে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ নূর আলম সিদ্দিক, এআইএস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আপেল মাহমুদসহ বিভাগের সব শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দিনের শেষ ভাগে বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জুবায়ের আল হাসান ,বেরোবি প্রতিনিধিঃ 























