
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি আন্তালিয়া বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু জানান, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তুরস্কের সংস্কৃতি ও পর্যটন বিষয়ক উপমন্ত্রী ড. সর্দার শ্যাম। এ সময় তাঁকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয় এবং সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী বেলেক শহরের ‘পাপিলুন জোগমা রিলাক্সারি’ পাঁচতারা রিসোর্টে যান।
সফরসূচি অনুযায়ী, প্রথম দিনেই স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠেয় কপ-৩১ সম্মেলনের ১২ নভেম্বরের পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তুলে ধরবেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও ভৌগোলিক কারণে দেশটি শীর্ষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা এবং ক্ষতিপূরণ ও অর্থায়নের প্রতিশ্রুতি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করবেন তিনি।
সম্মেলনে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এবং উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গেও প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কথা রয়েছে। এ ছাড়া সম্মেলনের ‘গ্রিন জোন’-এ পাটের পরিবেশবান্ধব বহুমুখী ব্যবহার ও প্লাস্টিকের বিকল্প হিসেবে এর সম্ভাবনা তুলে ধরতে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষ ‘পাট-প্যাভিলিয়ন’ স্থাপন করা হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয় ও অন্যান্য সংস্থার সমন্বয়ে গঠিত ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী। দলে রয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা। আগামী ১৩ নভেম্বর প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
অধিকার ডেস্কঃ 






















