
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এমসিজে উৎসব ২০২৬’। আগামীকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি রেখেছে বিভাগটি।
শহীদ আবু সাঈদ আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (সেশন-২)-এ বিভাগের নারী দল চ্যাম্পিয়ন হয়েছে। উৎসবে ওই দলকে সংবর্ধনা দেওয়া হবে। এ ছাড়া নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজনের অংশ।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেরোবির উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। বিশেষ অতিথি থাকবেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমান প্রধান।
প্রথম পর্ব (সকাল ১০টা থেকে দুপুর ১টা): সকাল ১০টায় বিভাগ চত্বরে সেলিব্রেশন র্যালি। সকাল ১১টায় ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় বিভাগের শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার।
দ্বিতীয় পর্ব (বিকেল ৩টা থেকে ৫টা ১৫ মিনিট): স্বাধীনতা স্মারক মাঠে আলোচনা সভা, সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
তৃতীয় পর্ব (সন্ধ্যা ৫টা ৩০ মিনিট থেকে রাত ৯টা): স্বাধীনতা স্মারক মাঠে সালাউদ্দিন সুমনের গল্পকথা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘদিনের পড়াশোনা ও পরীক্ষার ব্যস্ততা কাটিয়ে পুরো বিভাগ এখন এক জায়গায় উদযাপনের অপেক্ষায় আছে। তাদের মতে, চ্যাম্পিয়ন সংবর্ধনা, নবীন বরণ, ক্যারিয়ার সেমিনার ও সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান মিলিয়ে ‘এমসিজে উৎসব ২০২৬’ বিভাগে নতুন প্রাণ ও ঐক্যের সঞ্চার করেছে।
জুবায়ের আল হাসান, বেরোবি প্রতিনিধিঃ 























