
আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের আস্থা অর্জনে অসাধারণ সাফল্যের স্বীকৃতি হিসেবে বরিশাল জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে গৌরনদী মডেল থানা। ২০২৬ সালের এপ্রিল মাসের সামগ্রিক কার্যক্রম মূল্যায়নে জেলা পুলিশের বিচারে এই গৌরবময় স্বীকৃতি অর্জন করে থানা কর্তৃপক্ষ।
জেলা পুলিশের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ, ওয়ারেন্ট তামিল, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, জনবান্ধব পুলিশিং, দ্রুত অভিযোগ নিষ্পত্তি এবং জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে বিশেষ অবদানের ভিত্তিতেই গৌরনদী মডেল থানাকে জেলার সেরা হিসেবে ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৭ মে) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আনুষ্ঠানিকভাবে শ্রেষ্ঠ থানার নাম ঘোষণা করা হয়। এ সময় বরিশাল জেলা পুলিশ সুপার এ,জেড,এম মুস্তাফিজুর রহমান গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিক হাসান রাসেল-এর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা গৌরনদী মডেল থানার পেশাদারিত্ব, দায়িত্বশীলতা এবং জনসেবামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।
পুলিশ সূত্রে আরও জানা যায়, সাম্প্রতিক সময়ে গৌরনদী মডেল থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণ, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিক সেবা সহজীকরণে থানা পুলিশ দৃশ্যমান ভূমিকা পালন করেছে। বিশেষ করে থানায় সেবাপ্রার্থী মানুষের অভিযোগ দ্রুত গ্রহণ, তদন্ত কার্যক্রমে স্বচ্ছতা এবং কমিউনিটি পুলিশিং জোরদার করায় সাধারণ মানুষের আস্থা বেড়েছে উল্লেখযোগ্যভাবে।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন,
“এই অর্জন শুধু গৌরনদী মডেল থানার নয়, এটি থানার প্রতিটি পুলিশ সদস্যের নিরলস শ্রম, পেশাদারিত্ব এবং গৌরনদী উপজেলার সচেতন জনগণের সহযোগিতার সম্মিলিত ফল। আমরা জনগণের বন্ধু ও সেবক হিসেবে দায়িত্ব পালন করতে চাই। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব।”
তিনি আরও বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে মাদক, চুরি, ছিনতাই ও সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং থানাকে একটি সম্পূর্ণ জনবান্ধব ও আধুনিক সেবাকেন্দ্রে পরিণত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
গৌরনদী মডেল থানার এ অর্জনে উপজেলার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, পুলিশের প্রতি মানুষের আস্থা বাড়াতে গৌরনদী মডেল থানার এই অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয়দের প্রত্যাশা, বরিশালের গণ্ডি পেরিয়ে গৌরনদী মডেল থানা একদিন দেশের সেরা জনবান্ধব থানাগুলোর অন্যতম উদাহরণ হয়ে উঠবে, যেখানে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা নিরাপদ সমাজ গঠনে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।
সৈয়দ নুর আহছান, বরিশাল 



















