
দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় এসে বিশাল জনসমাগমের মধ্য দিয়ে পথসভায় যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে পৌঁছালে মুহূর্তেই পুরো সভাস্থল পরিণত হয় জনসমুদ্রে। মঞ্চে উঠে হাত নেড়ে হাজারো মানুষের শুভেচ্ছার জবাব দেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বরুড়া ও আশপাশের বিভিন্ন উপজেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো মাঠ ও আশপাশের সড়ক। অনেকে কয়েক ঘণ্টা আগেই অবস্থান নেন শুধুমাত্র প্রধানমন্ত্রীকে একনজর দেখার আশায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বরুড়ায় তারেক রহমানের এই সফরকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন পর তার সরাসরি উপস্থিতি নেতাকর্মীদের মধ্যে বাড়তি প্রাণচাঞ্চল্য তৈরি করেছে।
জানা যায়, ২০০২ সালে বরুড়ার প্রয়াত সংসদ সদস্য একেএম আবু তাহেরের আমন্ত্রণে একই মাঠে জনসভা করেছিলেন তারেক রহমান। দীর্ঘ দুই যুগ পর আবারও সেই ঐতিহাসিক মাঠে তার আগমনকে ঘিরে স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ ও আবেগঘন পরিবেশ।

পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন। অনুষ্ঠানে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাস্থলে নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে। মাঠজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও ছিল জোরদার।
পথসভাকে কেন্দ্র করে বরুড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যেও ছিল বাড়তি উৎসাহ। অনেকে এটিকে বরুড়ার রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় সমাবেশ হিসেবে উল্লেখ করেছেন।
দৈনিক অধিকার ডেস্ক 



















