
মুন্সীগঞ্জের পদ্মা নদীতে বৈরী আবহাওয়ার মধ্যে গরুবোঝাই একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় আইয়ুব মিয়া (৪৫) নামে এক গরু ব্যবসায়ী এখনও নিখোঁজ রয়েছেন। দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। মঙ্গলবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ডুবুরি দল।
নিখোঁজ আইয়ুব মিয়ার বাড়ি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর আড়াইটার দিকে ফরিদপুরের চরভদ্রাসন এলাকা থেকে কেরানীগঞ্জের উদ্দেশ্যে একটি ট্রলার ছেড়ে আসে। ট্রলারটিতে ২৮টি গরুসহ প্রায় ২০ জন যাত্রী ছিলেন। পদ্মা সেতুর ১৫ নম্বর পিলারের পশ্চিম পাশে পৌঁছালে আকস্মিক বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটি। এসময় নদীতে তীব্র ঢেউ ও স্রোতের সৃষ্টি হলে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পর ট্রলারে থাকা ১৯ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আইয়ুব মিয়া নিখোঁজ হন। এছাড়া ট্রলারে থাকা ২৮টি গরুর মধ্যে মাত্র পাঁচটি জীবিত উদ্ধার করা গেছে। বাকি ২৩টি গরু পদ্মার তীব্র স্রোতে ভেসে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, নৌ পুলিশের মাধ্যমে খবর পেয়ে লৌহজং ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। তবে সন্ধ্যার পর নদীতে স্রোত ও ঢেউ বেড়ে যাওয়ায় এবং আবহাওয়া প্রতিকূল হয়ে ওঠায় অভিযান সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল থেকে ডুবুরি দল আবারও উদ্ধার কার্যক্রম শুরু করেছে। তবে এখনও নদীতে তীব্র স্রোত ও খারাপ আবহাওয়া বিরাজ করছে, যা উদ্ধার অভিযানে বিঘ্ন সৃষ্টি করছে।
এদিকে দুর্ঘটনার পর থেকে নিখোঁজ আইয়ুব মিয়ার কোনো স্বজন এখনও ঘটনাস্থলে পৌঁছাননি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে।
দৈনিক অধিকার ডেস্কঃ 

















