
বগুড়ার গাবতলী উপজেলায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেছেন একদল ধর্মপ্রাণ মুসল্লি। বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় গাবতলী রেলস্টেশন-সংলগ্ন রেলওয়ে জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে ইমামতি করেন মাওলানা মিজানুর রহমান। এতে নারী, পুরুষ ও শিশুসহ অর্ধশতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবতলী ছাড়াও পাশের কাহালু ও ধুনট উপজেলা থেকে কয়েকজন মুসল্লি জামাতে যোগ দেন। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পরে নামাজ অনুষ্ঠিত হয়। খোলা মাঠে আয়োজনের পরিকল্পনা থাকলেও বৃষ্টির আশঙ্কায় এবার মসজিদের ভেতরেই ঈদের জামাত সম্পন্ন করা হয়।
জামাতে অংশ নেওয়া মুসল্লিরা জানান, নামাজ শেষে তারা নিজ নিজ এলাকায় গিয়ে কোরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। আয়োজকদের দাবি, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে সেই হিসাব অনুযায়ী রোজা ও ঈদ পালন করা ইসলামের দৃষ্টিতে গ্রহণযোগ্য। এ বিশ্বাস থেকেই তারা সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন।
আয়োজকরা আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে এবার অনেক মুসল্লি উপস্থিত হতে পারেননি। তবে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। গাবতলীতে এটি সৌদি আরবের সঙ্গে মিল রেখে চতুর্থবারের মতো আগাম ঈদ উদযাপনের ঘটনা।
নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয়।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
দৈনিক অধিকার ডেস্ক 

















