
ময়মনসিংহের ধোবাউড়ায় মাদকের টাকার জন্য নিয়মিত বাবা-মাকে মারধরের অভিযোগে দুই সহোদর ভাইকে পাঁচ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময়ে পৃথক মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পূর্ব সোহাগীপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন।
দণ্ডপ্রাপ্তরা হলেন পূর্ব সোহাগীপাড়া গ্রামের বাসিন্দা মো. আবদুল কদ্দুসের ছেলে রেজু (২৪) ও তার ছোট ভাই তরিকুল (২০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ওই দুই ভাই মাদকের অর্থ জোগাড় করতে বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। স্থানীয় অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকের সময় তাদের কাছ থেকে দুটি করে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডাদেশ কার্যকরের জন্য তাদের পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোশারফ হোসাইন বলেন, “মাদকের টাকার জন্য বাবা-মাকে নিয়মিত নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী শাস্তি দেওয়া হয়েছে। মাদক ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর।”
অন্যদিকে, মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জুবায়ের হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ধোবাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপারের নির্দেশনায় গত ১ জুন উপজেলার পূর্ব বতিহালা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পূর্ব গামারীতলা গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে জুবায়ের হোসেনকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় ধোবাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ধোবাউড়া থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধিঃ 

















