
রাজশাহী মহানগরীর ঐতিহ্য চত্বর (ঘোড়া চত্বর) থেকে বন্ধগেট পর্যন্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বুধবার (১৭ জুন ২০২৬) দুপুরে এই পরিদর্শনে তিনি নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরিদর্শনকালে রাসিক প্রশাসক নগরবাসীর নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় চলাচল নিশ্চিত করতে ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে বিশেষ গুরুত্ব দেন। ফুটপাতের উপর রাখা পণ্যসামগ্রী অপসারণে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত স্থান। জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে সবাইকে ফুটপাত মুক্ত রাখতে হবে। এ লক্ষ্যে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম, সচিব সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















