
এক সময় ময়মনসিংহ নগরীর নাগরিকদের বিশুদ্ধ পানির প্রধান উৎস ছিল রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। প্রায় দেড় শতাব্দীর পুরোনো এই ঐতিহাসিক স্থাপনাটি আজ অবহেলা, অযত্ন ও সময়ের নির্মম ক্ষয়ের মুখে হারিয়ে যাওয়ার উপক্রম। নগরীর আধুনিক পানি সরবরাহ ব্যবস্থার সূতিকাগার হিসেবে পরিচিত এই ঐতিহ্যবাহী স্থাপনার অবশিষ্টাংশ সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবিতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে পুরাকীর্তি সুরক্ষা কমিটি, ময়মনসিংহ অঞ্চল।
বুধবার (১৮ জুন ২০২৬) বিকেলে সংগঠনের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশন কার্যালয়ে গিয়ে প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। সংগঠনের সদস্য সচিব ইমতিয়াজ আহমেদ স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য্য চৌধুরীর জনকল্যাণমুখী উদ্যোগের ফল হিসেবে উনিশ শতকের শেষভাগে প্রতিষ্ঠিত হয় রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস। ১৮৮৯-৯০ সালে চালু হওয়া এই পানি সরবরাহ ব্যবস্থা ছিল ময়মনসিংহ নগরীর প্রথম আধুনিক ও পরিকল্পিত সুপেয় পানি সরবরাহ প্রকল্প।
তৎকালীন সময়ে এটি নগরবাসীর জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আধুনিক পানি ব্যবস্থাপনার ধারণা যখন দেশের অধিকাংশ অঞ্চলে পৌঁছায়নি, তখন ময়মনসিংহে এমন একটি উন্নত জনসেবামূলক উদ্যোগ গ্রহণ ছিল দূরদর্শী চিন্তার বহিঃপ্রকাশ। তাই রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস কেবল একটি পুরোনো স্থাপনা নয়, বরং এটি নগর সভ্যতা, জনস্বাস্থ্য এবং ঐতিহাসিক উন্নয়ন কর্মকাণ্ডের এক অনন্য স্মারক।
স্মারকলিপিতে আরও বলা হয়, দীর্ঘ সময়ের ব্যবধানে স্থাপনাটির অধিকাংশ অংশ ধ্বংস হয়ে গেলেও এখনও প্রাচীন জলাধারের কিছু অংশ এবং একটি পানির ট্যাংক টিকে আছে। কিন্তু নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের অভাবে এসব অবশিষ্টাংশ বর্তমানে আগাছা, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনায় ঢেকে গেছে। দ্রুত সংরক্ষণমূলক ব্যবস্থা গ্রহণ করা না হলে ময়মনসিংহের এই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শনের শেষ চিহ্নও হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
পুরাকীর্তি সুরক্ষা কমিটির নেতৃবৃন্দ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রাচীন জনসেবামূলক স্থাপনাগুলোকে ঐতিহ্যের অংশ হিসেবে সংরক্ষণ করে ইতিহাসের সাক্ষ্য হিসেবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তুলে ধরা হয়। একইভাবে ময়মনসিংহের রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস সংরক্ষণ করা গেলে এটি শুধু ইতিহাস রক্ষাই করবে না, বরং নগরীর ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ পরিচয় বহন করবে।
স্মারকলিপি গ্রহণকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং সংরক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস সংরক্ষণের দাবিতে এর আগেও বিভিন্ন সময় ঐতিহ্যপ্রেমী মানুষ ও সামাজিক সংগঠনগুলো সোচ্চার হয়েছে। সর্বশেষ গত ৭ এপ্রিল ২০২৬ তারিখে পুরাকীর্তি সুরক্ষা কমিটির একটি প্রতিনিধি দল সরেজমিনে স্থানটি পরিদর্শন করে এর বর্তমান বেহাল চিত্র তুলে ধরে দ্রুত সংরক্ষণ ও পুনরুদ্ধারের দাবি জানায়। সেই দাবির ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে সিটি প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়া হলো।
ঐতিহ্য সচেতন মহলের মতে, যথাযথ সংরক্ষণ, পরিচর্যা ও গবেষণাভিত্তিক পুনরুদ্ধার কার্যক্রম গ্রহণ করা হলে শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস নতুন প্রজন্মের কাছে ময়মনসিংহের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী হিসেবে পুনরায় পরিচিতি লাভ করতে পারবে।
শফিয়েল আলম সুমন ময়মনসিংহ প্রতিনিধিঃ 

















