
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াল সরকার। বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে জেলার ৫০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ৯৬ লাখ টাকার ক্ষতিপূরণ চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ময়মনসিংহ জেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ জেলা সার্কেলের যৌথ আয়োজনে এই চেক বিতরণ অনুষ্ঠান পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, এই অনুষ্ঠান মানবিক হলেও কোনোভাবেই আনন্দের নয়। ক্ষতিপূরণের মাধ্যমে আংশিক সহায়তা করা গেলেও সড়ক দুর্ঘটনায় পরিবারগুলোর যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কোনোভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব নয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বেশি। এটি দীর্ঘমেয়াদে জাতির জন্য বড় ক্ষতির কারণ হয়ে উঠছে। দুর্ঘটনা প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন, ফুটপাত ও মহাসড়কে অবৈধ স্থাপনা না রাখা এবং চলাচলের সময় মোবাইল ফোন ব্যবহার না করার বিষয়ে তিনি সকলকে সজাগ থাকার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের সড়ক আইন সম্পর্কে সচেতন করার আহ্বান জানান।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সরকারি-বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং সড়ক পরিবহন শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা। অনুষ্ঠানের শেষ পর্বে প্রধান অতিথি সরাসরি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন।
এদিন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ময়মনসিংহ জেলা লেডিস ক্লাব প্রাঙ্গণে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’-র আওতায় আয়োজিত বৃক্ষরোপণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ ব্যবস্থাপনায় এই কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শফিয়েল আলম সুমন, মযমনসিংহ প্রতিনিধিঃ 

















