
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সচেতনতামূলক নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৩ জুন) সকালে সদর উপজেলার রাজারামপুর হামিদুল্লাহ উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লাল কার্ড প্রদর্শন এবং শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মণ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ওবায়দুল্লাহ, মো. শফি উদ্দিন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি চৌধুরী ইমরুল হাসান বলেন, একটি সুস্থ সমাজ ও মেধাবী প্রজন্ম গঠনে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার ও সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক মূল্যবোধ ও স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা সময়ের দাবি। এ সময় শিক্ষার্থীদের ডোপ টেস্টের গুরুত্ব সম্পর্কেও ধারণা দেওয়া হয় এবং স্বাস্থ্যকর জীবনযাপনে উদ্বুদ্ধ করা হয়।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী বাবলু মাদকবিরোধী সচেতনতামূলক গান পরিবেশন করেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
এছাড়া বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের ‘মাদককে না বলুন’ লেখা ব্যাগ এবং বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
সবশেষে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে মাদকবিরোধী লাল কার্ড প্রদর্শন এবং সচেতনতামূলক শপথ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিজস্ব প্রতিবেদকঃ 

















