
রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বড়ইকুঁড়ি এলাকায় দুই ভাইয়ের দীর্ঘদিনের পারিবারিক দ্বন্দ্বের ঘটনায় একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ব্যাপক ভাঙচুরের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৬ জুন) রাতে নওহাটা কলেজ মোড়ে ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় অবস্থিত ‘ম্যাংগো লাভার’ নামের অনলাইন প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
হামলার ঘটনায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। স্বজনদের দাবি, হামলায় তাঁদের হাত ও পায়ে মারাত্মক আঘাত পেয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে পারিবারিক বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছিল। সেই বিরোধের জের ধরে শুক্রবার রাতে একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র, লাঠি ও লোহার রড নিয়ে ওই কার্যালয়ে প্রবেশ করে তাণ্ডব চালায়। এ সময় অফিসের সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
অফিসে দায়িত্বরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের লাঠি ও রড দিয়ে নির্মমভাবে মারধর করে। পরে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নিরীহ কর্মচারীদের আহত করার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন।
খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে ভুক্তভোগী পক্ষ শিগগিরই মামলা করবে বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
সৈয়দ মাসুদ, রাজশাহী 

















