
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ৪৪৩ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)।
শনিবার (২৭ জুন) ভোর ৪টা ৪০ মিনিটে ৫৩ বিজিবির অধীনস্থ মাসুদপুর বিওপির সদস্যরা শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে জব্দ হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৭ হাজার ২০০ টাকা।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত মাদক শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
চলতি জুন মাসে পৃথক পৃথক অভিযানে ৫৩ বিজিবি ১ জন আসামিসহ মোট ১ হাজার ১৬১ বোতল এস্কাফ সিরাপ, ১৮৭ বোতল ফেয়ারডিল সিরাপ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়েছে। উদ্ধার হওয়া এসব মাদকের মোট বাজারমূল্য আনুমানিক ৫ লাখ ৫১ হাজার ২০০ টাকা।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন এবং সরকারের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সক্রিয় ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও সীমান্তে সকল প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
নিজস্ব প্রতিবেদকঃ 

















