
রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের হরিহরপাড়া গ্রামে পারিবারিক বিরোধের জেরে আম নামানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আব্দুর রাজ্জাক (৫৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হরিহরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রাজ্জাক একই গ্রামের ভুগর মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় একটি আমগাছ থেকে আম নামানোকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের সময় আব্দুর রাজ্জাক গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নিলে পথেই তার মৃত্যু হয় বলে জানা যায়।
এ ঘটনায় উভয় পক্ষের আরও কয়েকজন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার খবর পেয়ে মোহনপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সংঘর্ষের প্রকৃত কারণ, ঘটনার পেছনের বিরোধ এবং সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তারা এ ধরনের বিরোধ নিরসনে সামাজিকভাবে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
সৈয়দ মাসুদ রাজশাহী 

















