
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন মোটরসাইকেল আরোহীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার মুসলিমপুর এলাকায় একটি এবং দুপুরে কানসাট এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটলে এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
ভোরের দুর্ঘটনায় নিহত হন শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত এবং সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। অন্যদিকে দুপুরের দুর্ঘটনায় প্রাণ হারান উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী এবং জাফর আলীর ছেলে জাবের আলী। ঘটনাটি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর পাঁচটার দিকে ট্রাকের হেলপার আবু হায়াত ও শ্রমিক হাবিবুর রহমান কানসাটে কাজ শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে শিবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের মুসলিমপুর এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলটি একটি নির্মাণাধীন কালভার্টে জোরালো ধাক্কা খায়, যাতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
এর কয়েক ঘণ্টা পর দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ঘটে আরেকটি হৃদয়বিদারক দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের মুখোমুখি পড়ে যায়। সংঘর্ষের ভয়াবহতায় ঘটনাস্থলেই মারা যান আসাদ আলী, আর হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় গুরুতর আহত জাবের আলীর।
একই দিনে চারটি তরতাজা প্রাণ ঝরে পড়ায় দুর্ঘটনাস্থল ও হাসপাতাল এলাকায় নেমে আসে স্বজনদের আহাজারি। শোকার্ত পরিবার ও স্থানীয়দের কান্নায় ভারী হয়ে ওঠে গোটা পরিবেশ।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান জানান, ভোরের দুর্ঘটনায় নিহত আবু হায়াত ও হাবিবুর রহমানের মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের দুর্ঘটনায় নিহত দুজনের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া চলছে, যা শেষে মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, নির্মাণাধীন সড়ক ও কালভার্ট এলাকায় পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা এবং মহাসড়কে বেপরোয়া গতির বিরুদ্ধে কঠোর নজরদারি নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে।
নিজস্ব প্রতিনিধিঃ 






















