
দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে আনুমানিক ১০ থেকে ১১ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার (১৭ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ভর্ণাপাড়া টঙ্গী ঈদগাহ মাঠসংলগ্ন করতোয়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে কয়েকজন স্থানীয় ব্যক্তি বিষয়টি আশপাশের লোকজনকে জানান। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘোড়াঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রায় দুই দিন আগে কিশোরীর মৃত্যু হয়ে থাকতে পারে। নদীর উজান থেকে স্রোতের সঙ্গে ভেসে এসে মরদেহটি নদীর একটি বাঁকে আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধার হওয়া কিশোরীর বয়স আনুমানিক ১০ থেকে ১১ বছর। তবে তার পরিচয় বা কীভাবে তিনি নদীতে এলেন, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মরদেহে বাইরে থেকে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্তের পাশাপাশি ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মঙ্গলবার এটি দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে মরদেহটি আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।
অধিকার ডেস্কঃ 























