
রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি শপিংব্যাগের ভেতর থেকে চারটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে বাটা সিগনাল মোড়সংলগ্ন নিউমার্কেটগামী সড়কের পাশে ব্যাগটি পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন।
পুলিশ জানায়, রাত ১০টার দিকে সড়কের পাশে পড়ে থাকা একটি শপিংব্যাগে লাল টেপে মোড়ানো কয়েকটি সন্দেহজনক বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে চারপাশ নিরাপদ করে রাখা হয়।
খবর পেয়ে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে ১১টার দিকে বস্তুগুলো উদ্ধার করে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব বিষয়টি নিশ্চিত করে জানান, লাল টেপে মোড়ানো চারটি বস্তু উদ্ধার করা হয়েছে। বোম্ব ডিসপোজাল ইউনিট সেগুলো পরীক্ষা করে প্রতিবেদন দেবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার করা বস্তুগুলো আসলে কী ধরনের, তা পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঘটনাটি ঘিরে ওই এলাকায় সাময়িক সতর্কতা জারি করা হয় এবং নিরাপত্তার স্বার্থে আশপাশের লোকজনকে সরিয়ে দেওয়া হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করেন।
অধিকার ডেস্কঃ 























