
দেশব্যাপী আলোচিত সিরিজ বোমা হামলার ২১ বছর পূর্ণ হলো আজ। ২০০৫ সালের ১৭ আগস্ট জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩ জেলায় প্রায় একই সময়ে বোমা হামলা চালায়।
মুন্সীগঞ্জ জেলা ছাড়া দেশের প্রায় সব জেলায় হামলার ঘটনা ঘটে। বিভিন্ন তথ্য অনুযায়ী, সেদিন দেশের প্রায় ৫০০টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এসব ঘটনায় দুজন নিহত এবং অন্তত ১০৪ জন আহত হন।
পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, সিরিজ বোমা হামলার পর সারাদেশে মোট ১৫৯টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় ৯৬১ জনকে গ্রেপ্তার করা হয়। পরে এক হাজার ৭২ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
২০২৩ সালে পাওয়া তথ্য অনুযায়ী, ১৫৯টি মামলার মধ্যে ১১৮টির বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে। এসব মামলায় ৩৩৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিচার শেষ হওয়া মামলাগুলোতে ২৭ আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাদের মধ্যে আটজনের মৃত্যুদণ্ড ইতোমধ্যে কার্যকর হয়েছে।
২০০৫ সালের ১৭ আগস্টের ওই হামলা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় সমন্বিত জঙ্গি হামলা হিসেবে আলোচিত। একই সময়ে দেশের বিপুলসংখ্যক স্থানে বিস্ফোরণের ঘটনায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল।
অধিকার ডেস্কঃ 























