
নির্যাতন ও হত্যার শিকার শিশু রামিসার মর্মান্তিক ঘটনা মানুষের মধ্যে গভীরভাবে নাড়া দিয়েছে। সেই বেদনা, ক্ষোভ ও ন্যায়বিচারের প্রত্যাশাকে গানের ভাষায় তুলে ধরেছেন গীতিকবি মাহবুবুল খালিদ। তিনি লিখেছেন ‘রামিসাদের বিচার’ শিরোনামের একটি গান।
গানটির কথা ও সুর করেছেন মাহবুবুল খালিদ। তাঁর সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন অবন্তি সিঁথি, রাফসান ও টুটুল।
গানটির কথায় রামিসার ঘটনার পাশাপাশি অতীতে আলোচিত কয়েকটি হত্যাকাণ্ড ও ন্যায়বিচারের অপেক্ষায় থাকা ভুক্তভোগীদের প্রসঙ্গ উঠে এসেছে। এর মধ্য দিয়ে সমাজে সহিংসতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের পাশাপাশি বিচারের দাবি তুলে ধরা হয়েছে।
‘রামিসাদের বিচার’ গানটি প্রকাশ করা হয়েছে খালিদ সংগীতের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি তাদের ফেসবুক পেজ ও ওয়েবসাইটেও গানটি শোনার সুযোগ রয়েছে।
মাহবুবুল খালিদ এর আগেও বিভিন্ন সামাজিক অন্যায়, নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে গান লিখেছেন। আদুরি, ফেলানী ও মাগুরার শিশু আছিয়াকে ঘিরে তাঁর লেখা গানগুলোও মানুষের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে।
সামাজিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সংগীতের মাধ্যমে তুলে ধরার সেই ধারাবাহিকতায় ‘রামিসাদের বিচার’ গানটিও যুক্ত হলো।
অধিকার ডেস্কঃ 
























