
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। রোববার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষা কার্যক্রম, গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন এবং সামগ্রিক অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষা ও গবেষণার গুণগত মান আরও উন্নত করা, আধুনিক অবকাঠামো সম্প্রসারণ এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন।
এ সময় তিনি নোবিপ্রবির চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। বিশেষ করে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগের প্রশংসা করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
সৌজন্য সাক্ষাতে নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার প্রসার, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ মতবিনিময় হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উচ্চপর্যায়ের যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও জাতীয় পর্যায়ে এর কার্যক্রমকে আরও বেগবান করতে সহায়ক ভূমিকা রাখবে।
নূসরাত জাহান, নোবিপ্রবি প্রতিনিধিঃ 
























