
ক্যান্সারে আক্রান্ত অভিনেত্রী ও ‘বিগ বস ৭’-এর প্রতিযোগী রেণু সাদির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর ও উপস্থাপক সারিকা কেবি। বর্তমানে ভারতের কেরালার কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন রেণু।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সারিকা জানান, পাঁচ দফা কেমোথেরাপির পর রেণুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাঁর প্লেটলেটের মাত্রাও অনেক কমে গেছে বলে দাবি করেন তিনি।
সারিকার ভাষ্য অনুযায়ী, পঞ্চম দফা কেমোথেরাপির পর প্রায় ১০ দিন পেরিয়ে গেলেও রেণু আগের মতো স্বাভাবিকভাবে উঠে দাঁড়াতে পারছেন না। এর আগে কেমোথেরাপির পর শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও কিছুদিন বিশ্রামের পর আবার ভিডিও তৈরি ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতেন তিনি।
সারিকা আরও জানান, চিকিৎসকেরা রেণুর বর্তমান শারীরিক অবস্থায় আরও এক দফা কেমোথেরাপি দেওয়ার বিষয়ে ঝুঁকি নিতে চাইছেন না।
সামাজিক মাধ্যমে রেণুর শারীরিক অবস্থার কথা জানান সারিকা
সারিকা জানান, সম্প্রতি রেণুর বড় বোনের সঙ্গে তাঁর কথা হয়েছে। সেখান থেকেই তিনি জানতে পারেন, রেণু কোট্টায়াম সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।
সারিকার প্রকাশ করা ভিডিওতে তিনি রেণুর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা চান।
কীভাবে ক্যান্সার ধরা পড়ে রেণুর
চলতি বছরের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করেন রেণু সাদি। তিনি জানান, মাত্র ১৫ বছর বয়সে তাঁর স্তনে একটি পিণ্ডের মতো অস্বাভাবিকতা দেখা দিয়েছিল। পরবর্তীতে সেটি ক্যান্সারে রূপ নেয় বলে জানান তিনি।
২০২৩ সালের জুনে সড়ক দুর্ঘটনায় তাঁর স্বামী কৌতুক ও মিমিক্রি শিল্পী কোল্লাম সুধির মারা যান। এরপর চিকিৎসকের পরামর্শে রেণু স্ক্যান করান। পরবর্তী সময়ে ম্যামোগ্রাম ও বায়োপসি পরীক্ষার মাধ্যমে তাঁর ক্যান্সার শনাক্ত হয়।
প্রথমদিকে বিষয়টি তিনি কারও সঙ্গে ভাগ করতে পারেননি। পরীক্ষার ফল পাওয়ার পরও কয়েক দিন বিষয়টি গোপন রেখেছিলেন বলে জানিয়েছিলেন রেণু। পরে তাঁর ম্যানেজার কারিশমা বিষয়টি জানতে পারেন এবং রেণুর বোনকে জানান।
নারীদের জন্য রেণুর সতর্কবার্তা
নিজের অসুস্থতার অভিজ্ঞতা তুলে ধরে রেণু আগে নারীদের উদ্দেশে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছিলেন। শরীরে ব্যথাহীন কোনো পিণ্ড বা অস্বাভাবিকতা দেখা দিলে সেটিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি।
রেণুর বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সারিকার বক্তব্যের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
নিজস্ব প্রতিনিধি 
























