
ঢালিউডের মেগাস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে আলোচনায় আসার পর কলকাতার অভিনেতা দেবের সঙ্গে পর্দা ভাগ করেছেন ইধিকা পাল। দেব ও ইধিকার প্রথম সিনেমা ‘খাদান’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলে। এরপর এই জুটিকে ঘিরে আরও কয়েকটি সিনেমার কাজের খবর সামনে আসে।
‘খাদান’-এর সাফল্যের পর দেবের বিপরীতে ‘রঘু ডাকাত’ ও প্রজাপতি-২ সিনেমায় ইধিকাকে নেওয়া হয়েছে বলে জানা যায়। পাশাপাশি দেব-শুভশ্রী জুটির ‘দেসু সেভেন’ সিনেমাতেও ক্যামিও চরিত্রে ইধিকাকে দেখা যেতে পারে বলে খবর রয়েছে।
দেবের সঙ্গে পরপর কাজের কারণে টলিউডে ইধিকা পালের ব্যস্ততা বেড়েছে। এর মধ্যেই এবার নতুন এক নায়কের সঙ্গে তার জুটি বাঁধার গুঞ্জন ছড়িয়েছে। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হচ্ছে, দেবের পর এবার অভিনেতা জিতের বিপরীতে দেখা যেতে পারে ইধিকাকে।
তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারসহ বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় জিতের বিপরীতে ইধিকা পালকে নেওয়ার আলোচনা চলছে। সিনেমাটি প্রযোজনা করতে পারে এসকে মুভিজ।
তবে সিনেমাটির বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জিৎ বা ইধিকা পালও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
ইধিকা-জিতের সম্ভাব্য জুটি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। নতুন সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে বিষয়টি আরও পরিষ্কার হবে।
এর আগে শাকিব খান ও দেবের সঙ্গে কাজ করে বাংলা সিনেমার দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন ইধিকা পাল। এবার জিতের সঙ্গে তার জুটি সত্যিই পর্দায় আসে কি না, সেটিই এখন দেখার বিষয়।
অধিকার ডেস্কঃ 
























