
বরিশালের গৌরনদীতে হত্যা মামলাসহ তিনটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ও দীর্ঘদিন ধরে পলাতক থাকা জয়নাল সরদারকে গ্রেপ্তার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ। পুলিশের তথ্য অনুযায়ী, আলোচিত এরশাদ শিকদারের সহযোগী হিসেবে সংশ্লিষ্ট একটি হত্যা মামলায়ও তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তার জয়নাল সরদার বরিশালের গৌরনদী উপজেলার কুড়িয়াভাঙ্গা এলাকার মৃত আহম্মদ আলী সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থানার তিনটি হত্যা মামলায় জয়নাল সরদার যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। মামলাগুলো হলো—
১. খুলনা থানার মামলা নম্বর-৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ১৯৯৯, জিআর নম্বর-৭৯, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা মামলা। এর দায়রা মামলা নম্বর-২৫৩/২০০২।
২. খুলনা থানার মামলা নম্বর-২(৯)৯৯, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা মামলা। এর দায়রা মামলা নম্বর-৭/২০০১।
৩. খুলনা থানার মামলা নম্বর-০৮(০৯)৯৯, দণ্ডবিধি ১৮৬০-এর ৩০২/২০১/৩৪ ধারায় দায়ের করা মামলা।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে জয়নাল সরদার দীর্ঘদিন পলাতক ছিলেন।
পুলিশ জানায়, জয়নাল সরদার গৌরনদী এলাকায় অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে তাঁর সন্ধানে অভিযান চালানো হয়। পরে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গৌরনদী মডেল থানা পুলিশ।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, একাধিক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি জয়নাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার জয়নাল সরদার আলোচিত এরশাদ শিকদারের সহযোগী হিসেবে সংশ্লিষ্ট একটি হত্যা মামলার পলাতক আসামি ছিলেন।
সৈয়দ নুর আহছান, বরিশালঃ 
























