চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে ককটেল তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ভোর আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার কয়েক ঘণ্টা পর নিহতদের পরিচয় নিশ্চিত করে জেলা পুলিশ।
নিহতরা হলেন—সদর উপজেলার রাণিহাটি ইউনিয়নের ওপর ধুমিহায়াতপুর এলাকার মোয়াজ্জেমের ছেলে আলামিন (২০) এবং শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের মনিরুল ইসলামের ছেলে জিহাদ (১৭)।
আহত তিনজন হলেন—সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, নিহত দুইজনের মরদেহ জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ঘটনাস্থলে একাধিক বিস্ফোরণ ঘটে। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান এবং তিনজন গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে বিস্ফোরক তৈরির বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফাঁটাপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে মো. কালামের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি বিস্ফোরক তৈরির সরঞ্জাম নিয়ে অবস্থান করছিলেন। ককটেল তৈরির সময় হঠাৎ বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। বিস্ফোরণের তীব্রতায় তাদের মুখমণ্ডল বিকৃত হয়ে যাওয়ায় শুরুতে পরিচয় শনাক্ত করা যায়নি।
গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নিতে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক 


















