
বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে আবারও রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার সেনা সদর দপ্তর থেকে জারি করা এক আদেশে ছয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন করা হয়েছে। সেনাবাহিনীর একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে গত ২২ ফেব্রুয়ারি একইভাবে ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছিল।
সর্বশেষ আদেশ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কলেজের (এনডিসি) কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানকে এনডিসির কমান্ড্যান্ট পদে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া মেলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) কমান্ড্যান্ট মেজর জেনারেল নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হোসাইন আল মোরশেদকে অ্যাডজুট্যান্ট জেনারেল (এজি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেনা সদর দপ্তরের অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামানকে এমআইএসটির কমান্ড্যান্ট করা হয়েছে। অন্যদিকে ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. কামরুল হাসানকে ঢাকা সেনানিবাসের লজিস্টিক এরিয়ায় বদলি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ঘোষিত রদবদলে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ দেওয়া হয়। একই সময়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। তার স্থলাভিষিক্ত হন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান।
সেনাবাহিনীর এই ধারাবাহিক রদবদলকে প্রশাসনিক স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।
দৈনিক অধিকার ডেস্ক 



















