
ঈদের আগে বকেয়া বেতন ও বোনাসের দাবিতে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এর পরিচ্ছন্নকর্মীরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই কর্মসূচির ফলে পুরো নগরীতে ময়লা অপসারণ কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। এতে নগরজুড়ে বর্জ্যের স্তূপ জমে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকালে বরিশাল নগরীর নতুন বাজার, চৌমাথা, বটতলা, রূপাতলী ও সদর রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সড়কের পাশে জমে থাকা ময়লার স্তূপ দেখা যায়। বাতাসের সঙ্গে ছড়িয়ে পড়া পচা আবর্জনার তীব্র দুর্গন্ধে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি এ অবস্থা অব্যাহত থাকলে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন নগরবাসী।
ধর্মঘটে অংশ নেওয়া পরিচ্ছন্নকর্মীরা জানান, ঈদের আগে তাদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের দাবি দীর্ঘদিন ধরে জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি করপোরেশন কর্তৃপক্ষ। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে ধর্মঘটের কারণে নগরীর বিভিন্ন সড়ক ও বাজার এলাকায় আবর্জনার স্তূপ জমে নোংরা পরিবেশ তৈরি হয়েছে। এতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
নগরবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও শ্রমিকদের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে। তাই ঈদের আগে নগরীর স্বাভাবিক পরিচ্ছন্নতা কার্যক্রম চালু করতে শ্রমিকদের দাবি দ্রুত মেটানোর আহ্বান জানিয়েছেন তারা।
বরিশাল প্রতিনিধি 



















